পেনাল্টি মিস করাটা যেন ‘অভ্যাস’ হয়ে গেছে এমবাপ্পের
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস যেন অভ্যাসে পরিণত হয়েছে। আবারও স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ফরাসি এই তারকা। তবে তার এই ব্যর্থতার খেসারত দিতে হয়নি রিয়াল মাদ্রিদকে। শেষ মুহূর্তে কার্লোস এসপির গোলে শনিবার লা লিগায় সেলতা ভিগোকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
ক্লাব ও জাতীয় দলের হয়ে শেষ ছয়টি পেনাল্টির মধ্যে তিনটিতেই গোল করতে ব্যর্থ হয়েছেন এমবাপ্পে। চলতি মৌসুমের শুরুতেও তার পেনাল্টি মিসের কারণে পয়েন্ট হারিয়েছিল রিয়াল। এবারও তার ব্যর্থতায় পয়েন্ট হারানোর শঙ্কা তৈরি হয়েছিল। পেনাল্টি থেকে নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়।
এর আগে সেপ্টেম্বরে রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলের হারের ম্যাচেও পেনাল্টি মিস করেছিলেন এমবাপ্পে। বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের হয়েও স্পটকিক থেকে গোল করতে পারেননি তিনি। ওই দুই ম্যাচে তার নিচু শট আটকে দিয়েছিলেন গোলরক্ষকরা। এবার তাই হয়তো উঁচু দিয়ে শট নেওয়ার চেষ্টা করেছিলেন ফরাসি ফরোয়ার্ড।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় সেলতা ভিগো। উইলিয়ট সুইডবার্গের নিচু ক্রস থেকে কাছাকাছি দূরত্বে বল জালে পাঠান পাবলো দুরান।
এরপর ম্যাচে সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল। সেলতার ডিফেন্ডার হাভিয়ের রদ্রিগেস এমবাপ্পের হাত টেনে ধরলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে।
৬৬ মিনিটে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। বক্সের ঠিক ভেতর থেকে নিচু শটে গোল করেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম।
ম্যাচের শেষ দিকে দুই দলই জয়ের লক্ষ্যে আক্রমণ চালায়। শেষ মুহূর্তে রিয়ালের ত্রাতা হয়ে আবির্ভূত হন কার্লোস এসপি। তার প্রথম হেড গোলরক্ষক ইওনুত রাডু ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন তিনি। এতে ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে ১৩ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৩। সমান পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ধরে রেখেছে তারা। তবে রিয়াল একটি ম্যাচ বেশি খেলেছে। রোববার নিজেদের মাঠে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন